https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, বুধবার সকাল থেকে একাধিক অচেনা নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
হিরো আলম জানান, হুমকিদাতারা তাকে ঢাকার বনানী থানায় যেতে বলছেন। বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।
তিনি বলেন, “সকাল থেকে বেশ কয়েকটি নম্বর থেকে আমাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন।”
তিনি আরও বলেন, “আমি কারও কোনো ক্ষতি করিনি। কেন আমাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, সেটি বুঝতে পারছি না। আমার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন হিরো আলম। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন। তবে কারা বা কী কারণে তাকে হুমকি দিচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আলোচনায় আসা হিরো আলম সম্প্রতি ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এবার স্বতন্ত্র নয়, একটি রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।