https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর আশা ছিল বাংলাদেশের। তবে ফরম্যাট বদলালেও বদলায়নি ফলাফল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে সিরিজ শুরু করেছে তাওহীদ হৃদয়ের দল।
বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায়। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা।
পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান তোলে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ম্যাচে আর ফিরতে পারেনি দল।
বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েন ইয়াসির আলী চৌধুরী। ৩৮ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে তিনি দুটি চার ও তিনটি ছক্কা হাঁকান। মেহেদী হাসানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৭ বলে ৫২ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগান তিনি। মেহেদী করেন ১৯ রান। তবে ১৩০ রানে এই জুটি ভাঙতেই বাংলাদেশের জয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি এক মেডেনসহ ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে উদ্বোধনী ব্যাটার ব্রায়ান বেনেটের ৩০ বলে ৪৪ রানের ইনিংস এবং শেষদিকে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্সের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।
বার্ল ২৫ বলে অপরাজিত ৩০ এবং ইভান্স ১০ বলে অপরাজিত ১৯ রান করেন। শেষ ১৫ বলে দুজনের অবিচ্ছিন্ন ৩১ রানের জুটিই স্বাগতিকদের লড়াকু সংগ্রহ এনে দেয়।
বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা। ডানহাতি এই পেসার ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ৩৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।