https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে বাড়ির সামনে অবস্থানকালে তিনজন হামলাকারী অতর্কিতভাবে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় এলাকাবাসী একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও বাকি দুজন পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পলাতক অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।