একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। তবে এবার এক সাক্ষাৎকারে নিজের প্রেমের জীবন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী।
একটি আলোচনায় উপস্থাপক জানতে চান, এখন পর্যন্ত তিনি কতটি প্রেম করেছেন। জবাবে দীঘি বলেন, তিনি কখনোই প্রেমের সম্পর্কে জড়াননি। সুযোগ থাকলেও কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি বলে দাবি করেন তিনি।
দীঘির ভাষ্য, স্কুলজীবন থেকেই পরিবারের কঠোর নজরদারির মধ্যে বড় হয়েছেন তিনি। ষষ্ঠ শ্রেণি থেকেই চলাফেরায় নানা বিধিনিষেধ ছিল। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। পরিবারের সদস্যরা নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন।
তিনি বলেন, দীর্ঘদিন এমন পরিবেশে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক অবকাশ কোনোটিই তৈরি হয়নি।
যদিও দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন, তাকে ঘিরে অতীতে একাধিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছিল।
তবে সে সময়ও দীঘি জানিয়েছিলেন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেছিলেন তিনি।
সাম্প্রতিক সাক্ষাৎকারেও একই অবস্থান পুনর্ব্যক্ত করে দীঘি বলেন, ব্যক্তিগত জীবনে তিনি এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।

মন্তব্য করুন