https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে দেশটির বিমান চলাচলের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একদিনেই অন্তত চার দফা হামলার মুখে পড়ে কুয়েত। হামলার পর কুয়েত এয়ারওয়েজ যাত্রীদের জানায়, আকাশপথ বন্ধ থাকায় অধিকাংশ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্য নিয়মিত অনুসরণ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আল জাজিরার এক সংবাদদাতা জানান, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় চতুর্থবারের মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে টানা সাত রাত ধরে অভিযান চালানো হচ্ছে।
এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য হবে এবং তখন উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।