ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা ঠেকাতে নৌমন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগাং চেম্বার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই পরিচালিত হবে বৈদেশিক সম্পর্ক : খলিলুর রহমান পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর সংকটের সময় বাংলাদেশকে চীন সবসময় সহায়তা দিয়েছে : রাষ্ট্রদূত উত্তাল দিল্লি চাপে মোদি সরকার আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী পোশাক শিল্পে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ, উচ্চপর্যায়ের কমিটি গঠন ভারতে বিক্ষোভ তীব্র, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণা করতে চায় ইসি বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুক্রবার বসছে প্রতীক্ষিত কনসার্ট

ভিডিও বিতর্কে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
ভিডিও বিতর্কে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার দুপুরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ অভিযোগ করে বলেন, বিতর্কের কারণে এলাকার মানুষ প্রতারিত বোধ করছেন। তিনি স্পিকারের কাছে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের আহ্বান জানান।

নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, এ ঘটনায় শ্যামনগরের মানুষের প্রত্যাশা ভেঙে গেছে। অন্যদিকে আশেক ই এলাহি মুন্না বলেন, প্রথমে ঘটনাটি অস্বীকার করা হলেও পরে এমপি ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেন। পরবর্তী সময়ে আরও কিছু ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, সমাবেশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031