ঢাকা
০৮ আগস্ট ২০২৬

অভিনয়ে নয়, সঞ্চালনায় পর্দায় ফিরছেন তাহসান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
অভিনয়ে নয়, সঞ্চালনায় পর্দায় ফিরছেন তাহসান

ছবি: -সংগৃহীত

অভিনয় ও নতুন গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে এবার নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অভিনয়ে নয়, তাকে দেখা যাবে সঞ্চালকের আসনে।

বিশ্বখ্যাত সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর উপস্থাপনা করবেন তাহসান।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতাটির বিচারকের দায়িত্বে থাকবেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ গুণী শিল্পী—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।

১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘ইউরোভিশন সং কনটেস্ট’, যা বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ সংগীত প্রতিযোগিতা। এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনালে সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস অংশ নেবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031