https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংসদ ভবনের দিকে মিছিল ঘিরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির সাংসদ কঙ্গনা রানাওয়াত। তিনি জানিয়েছেন, আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে গেলে ভেতরে থাকা সাংসদদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং জাতীয় চিকিৎসা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত সোমবার যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করা হয়। পরে হাজারো আন্দোলনকারী সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হলেও কঙ্গনা দিল্লি পুলিশের প্রশংসা করেছেন। তার দাবি, নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন। বাইরে উত্তেজনা এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সংসদের ভেতরেও উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়।
নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে কঙ্গনা বলেন, ‘আমরা সবাই সংসদকক্ষের ভেতরে ছিলাম। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, উন্মত্ত জনতা হয়তো আমাদের ওপর হামলা চালাতে পারে। দিল্লি পুলিশ সেদিন ঢাল হয়ে আমাদের রক্ষা করেছে।’
আন্দোলনের সমালোচনা করে কঙ্গনা আরও বলেন, এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। তার বিশ্বাস, ধীরে ধীরে মানুষ ভারতীয় জনতা পার্টি ও সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবে, কারণ এটিই দেশের নিজস্ব সংস্কৃতি।