ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তেহরান সফর করেছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি। তবে সেই প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির প্রতিবেদনে পরিচয় গোপন রাখার শর্তে ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আল-জায়েদি তেহরানে গিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দেন। কিন্তু একই সময়ে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি অব্যাহত থাকায় তেহরান সেই প্রস্তাব গ্রহণ করেনি।

তবে নিউইয়র্ক টাইমসের এই দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে ইরাক সরকার। যদিও তাদের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে, এক ইরাকি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আল-জায়েদি সত্যিই একটি প্রস্তাব নিয়ে তেহরান সফর করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা না হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা থাকায় কোনো অস্থায়ী সমঝোতায় আগ্রহী নয় ইরান।

তেহরান সফরে আলি আল-জায়েদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান আলোচক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ইরান ও ইরাকের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, আল-জায়েদি ওয়াশিংটন সফরের অভিজ্ঞতা তেহরানের সঙ্গে ভাগাভাগি করেছেন। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে কোনো সমস্যা নেই; মূল সমস্যা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, যা ইরানের মতে অযৌক্তিক ও নিয়ন্ত্রণমূলক।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি রেলপথ, বিমানবন্দর, সেতু ও সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। সে ক্ষেত্রে ইরান তেল আবিবে হামলা চালানোর পাশাপাশি ইয়েমেনের হুথি মিত্রদের লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দাব প্রণালি বন্ধের আহ্বান জানাতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930