https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।
এর আগে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করলে আলোচনার কোনো অর্থ নেই এবং এ দাবিতে তারা কোনো আপস করবে না।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার তৃতীয় দফা আলোচনার কথা থাকলেও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় ছিলেন।
সিজেপির তিন দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবারের বৈঠকে সরকার আন্দোলনকারীদের দুটি দাবিতে নীতিগতভাবে সম্মত হয়। সেগুলো হলো—বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তখন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।