চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত রিমন দাশ গুপ্ত (৪২) তাদের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার পর ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাকে এলোপাতাড়ি আঘাত করেন রিমন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তও ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তাকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ঘটনার সময় পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে দম্পতিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।