https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি জাপানি ভাষায় প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের আদলে আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।
তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।