https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
আনুষ্ঠানিকতা শেষে তিনি কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম ও প্রশাসনিক বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।
এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন দপ্তর, গ্যালারি হল এবং রাষ্ট্রপতি তোষাখানা পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সচিববৃন্দ ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।