ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা

ছবি: -সংগৃহীত

২০০৮ সালের সাধারণ নির্বাচনসহ অতীতের সব বিতর্কিত নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, অনেক কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছিল। তাই ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের প্রতিটি নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

তিনি বলেন, ২০১৮ সালের ‘দিনের ভোট রাতে’ হওয়ার মতো নজিরবিহীন অনিয়ম দেশের গণতন্ত্র ও শাসনব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনী অপরাধে জড়িত কর্মকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

সাগর-রুনি হত্যা মামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আগের সরকারের আমলে সদিচ্ছার অভাবে মামলার তদন্ত দীর্ঘায়িত হয়েছিল। তবে বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তনু হত্যা মামলার মতো সাগর-রুনি হত্যাসহ দীর্ঘদিন ঝুলে থাকা সব ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানান তিনি।

জুলাই আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর আওতায় বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ও ত্যাগ তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না গেলেও পদ ছাড়ার পর আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব।

শিল্পখাতের গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতের ভুল নীতি, অলিগার্কদের সুবিধা দেওয়া এবং দেশীয় গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভরশীলতার কারণে এ সংকট তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় ভোলার গ্যাসের ব্যবহার বৃদ্ধি এবং সমুদ্রে নতুন গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ২০২৬ সালের মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপ শুরু হলে পর্যায়ক্রমে সব স্তরের নির্বাচন শেষ করতে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে।

এ ছাড়া জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও ৫ আগস্টের স্মৃতি সংরক্ষণে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই জাদুঘরের উদ্বোধন এবং সংশ্লিষ্ট স্মারক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।