https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশে থাকতে এবং দেশের মানুষের জন্য গান গাইতে পারাকে নিজের গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত একক কনসার্টে দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত একক কনসার্টে অংশ নেন ৭৪ বছর বয়সী এই শিল্পী। অনুষ্ঠান শেষে তাকে বিশেষ সম্মাননায়ও ভূষিত করা হয়।
এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, আমার প্রতি এত ভালোবাসা দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি সত্যিই সম্মানিত। বাংলাদেশে থাকতে পেরে, বাংলাদেশে গাইতে পেরে আমি গর্বিত। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানেও অসংখ্য মানুষ আমার গান ভালোবাসেন। তাদের দোয়া ও ভালোবাসায় আমি আজকের অবস্থানে পৌঁছেছি।
শিল্পকলার কনসার্ট প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানটির পর ভক্তদের অসংখ্য বার্তা ও মন্তব্য তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি জানান, দর্শকদের ভালোবাসাই তাকে গান গেয়ে যেতে অনুপ্রাণিত করে।
রুনা লায়লা বলেন, কনসার্ট ভেন্যুর আসনসংখ্যা ছিল প্রায় ৭৫০ জনের, ফলে অনেকেই অংশ নিতে পারেননি। তাই শিগগিরই আরও বড় পরিসরে একটি কনসার্ট আয়োজনের আশা প্রকাশ করেন তিনি, যেখানে আরও বেশি দর্শকের সামনে গান গাইতে পারবেন।
এদিকে আগামী মাসে অস্ট্রেলিয়ায়ও কনসার্ট করবেন রুনা লায়লা। ১ আগস্ট সিডনি এবং ৮ আগস্ট মেলবোর্নে মঞ্চে উঠবেন এই কিংবদন্তি শিল্পী।