https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পারফর্ম করার সময় ভক্তদের চমকে দিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। পরিবেশনার মাঝেই প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তার ৯ মাস বয়সী ছেলেকে। এরপর সন্তানকে কোলে নিয়েই গাইলেন নগরবাউল জেমসের জনপ্রিয় গান ‘বাবা’।
পারফরম্যান্সের একপর্যায়ে মাইক্রোফোন হাতে নোবেল দর্শকদের উদ্দেশে বলেন, আমিও কিন্তু বাবা হয়েছি। আমার ছেলের বয়স ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই।
এরপর মঞ্চের পেছন থেকে ছেলেকে কোলে নিয়ে ফিরে আসেন তিনি। উপস্থিত দর্শকদের জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। এ সময় পুরো কনসার্ট ভেন্যু করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
সন্তানকে বুকে আগলে রেখেই নোবেল জেমসের কালজয়ী গান ‘বাবা’ পরিবেশন করেন। আবেগঘন এ মুহূর্তে দর্শকদের অনেকেই মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত বছরের জুনে নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসার খবর প্রকাশ্যে আসে। বাবা হওয়ার পর এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে নিজের ছেলেকে সবার সামনে নিয়ে এলেন এই গায়ক।