‘ধুম ফোর’-এ অভিনয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। তিনি জানিয়েছেন, জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির সঙ্গে বর্তমানে তার কোনো সম্পৃক্ততা নেই। আপাতত তার পুরো মনোযোগ দুটি বহুল প্রতীক্ষিত সিনেমা—‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’।
যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েই তিনি এখন ব্যস্ত।
‘ধুম ফোর’-এ অভিনয়ের খবরকে তিনি নিছক গুঞ্জন বলে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই।
রণবীর আরও জানান, ভিকি কৌশল ও আলিয়া ভাটকে নিয়ে নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এদিকে চলতি বছরের নভেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। কমিক-কনের অনুষ্ঠানে রণবীরের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং অভিনেতা যশ।
তবে ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর বহুল আলোচিত সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও এ বিষয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করেননি রণবীর কাপুর।

মন্তব্য করুন