বয়সকে যেন হার মানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার রহস্য জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে কঠোর জিম বা কঠিন ডায়েট নয়, বরং বাগান করা ও কায়িক পরিশ্রমকেই নিজের সুস্থ থাকার মূল চাবিকাঠি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন, নিয়মিত জিম করার অভ্যাস তার নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজন হলে কয়েক মাস পিলাটিজ বা শরীরচর্চা করেন। তবে দৈনন্দিন জীবনের শারীরিক পরিশ্রমই তাকে সবচেয়ে বেশি ফিট রাখে।

জয়ার ভাষ্য, নিজের বাড়ির বাগানে তিনি নিয়মিত কাজ করেন। মাটি তৈরি করা, কোদাল দিয়ে মাটি কোপানো, সবজি চাষসহ নানা কাজ নিজেই করেন। তার মতে, এই ধরনের কায়িক পরিশ্রম শরীরকে কর্মক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আমি চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।”

খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও নিজের বাগানের উৎপাদিত রাসায়নিকমুক্ত শাকসবজিকেই প্রাধান্য দেন জয়া। তবে মাঝে মধ্যে পিৎজা বা বাইরের খাবার খেলেও তা নিয়ে অপরাধবোধে ভোগেন না। তার মতে, সুস্থ থাকতে অতিরিক্ত বিধিনিষেধের চেয়ে পরিমিত জীবনযাপন ও নিজের পছন্দের খাবারও উপভোগ করা প্রয়োজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাগান করা একটি কার্যকর কায়িক ব্যায়াম। এতে ক্যালোরি ক্ষয়ের পাশাপাশি পেশি শক্তিশালী হয়, শারীরিক সহনশীলতা বাড়ে এবং রোদে কাজ করার ফলে শরীরে ভিটামিন ডি-এর চাহিদাও পূরণ হয়। পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে থাকার কারণে মানসিক চাপ কমাতেও এটি সহায়ক।