https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠান।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার জ্বালানি সহযোগিতার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর পর বাংলাদেশ সময় দুপুর ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।
অমিত জানান, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পৌঁছে দেন।
তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের কারণে জনগণের দুর্ভোগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সংকট সমাধানে দিনরাত কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে না। তাই চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সম্ভাবনা যাচাই করছে সরকার। পাশাপাশি কারিগরি সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও জ্বালানি সম্পদ ভাগাভাগির বিষয়ও বিবেচনায় রয়েছে।
অমিত বলেন, একক কোনো উৎসের ওপর নির্ভরতা কমিয়ে একাধিক জ্বালানি উৎস নিশ্চিত করার মাধ্যমে সংকট মোকাবিলায় কাজ করছে সরকার। একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার কারণে বর্তমান সংকট আরও বেড়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে জাপানের সহযোগিতাও চাওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি জাপানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।