বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে চীন।

মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান।

বৈঠকের পর চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করা সম্ভব।

বৈঠকে বাংলাদেশ ও চীন সংস্কৃতি, শিল্পকলা এবং অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে।

বাংলাদেশি পক্ষ চীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ইতিবাচক ফল বয়ে এনেছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাও উপস্থিত ছিলেন।