ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জেন-জিকে আবর্জনার প্রজন্ম বলায় তোপের মুখে কঙ্গনা রনৌত

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ০ বার পঠিত
জেন-জিকে আবর্জনার প্রজন্ম বলায় তোপের মুখে কঙ্গনা রনৌত

ছবি: -সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌত জেন-জি আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন সমালোচনার মুখে পড়েছেন। দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন শহরে সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনে ব্যবহৃত পোস্টার, প্ল্যাকার্ড, স্লোগান ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি পুরো তরুণ প্রজন্মকেই ‘জেনারেশন গাটার’ বা ‘আবর্জনার প্রজন্ম’ বলে আখ্যা দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা আন্দোলনকারীদের ভাষা ও আচরণকে ‘বমি ভাব উদ্রেককারী’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, আন্দোলনের ভিডিও ও রিলগুলোতে এমন কর্কশ ও বিশ্রী ভাষা ব্যবহার করা হয়েছে, যা তার কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হয়েছে।

এতেই থেমে না থেকে আন্দোলনকারীদের পারিবারিক শিক্ষা ও লালন-পালন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও এক ধাপ এগিয়ে আন্দোলনে অংশ নেওয়া কিছু নারীকে ‘তথাকথিত পাশ্চাত্যমুখী ভারতীয় নারী’ বলে মন্তব্য করেন এবং বলেন, তারা ‘গৃহিণী হওয়ারও যোগ্য নন’।

কঙ্গনার এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধী রাজনৈতিক নেতারাও তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

কংগ্রেস নেতা ভাই জগতাপ প্রশ্ন তোলেন, আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ও নির্যাতনের ঘটনায় কঙ্গনার কোনো অনুশোচনা আছে কি না। তিনি বলেন, একজন নারী হয়েও শিক্ষার্থী ও তরুণীদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে তার কোনো সহানুভূতি না থাকা বিস্ময়কর।

এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠানও কঙ্গনার ভাষাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, একজন সাংসদের মুখে এমন শব্দ শোভা পায় না এবং জেন-জি প্রজন্মের কাছে তার ক্ষমা চাওয়া উচিত।

কঙ্গনা রনৌত এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন নিয়ে কড়া মন্তব্য করেছেন। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টাকেও তিনি অতীতে একাধিকবার সমালোচনা করেছেন। তবে এবার পুরো তরুণ প্রজন্মকে অবমাননাকর ভাষায় আক্রমণ করায় তার মন্তব্য ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।