ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

জেলা প্রতিনিধি
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

ছবি: -সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’ নামে পরিচালিত এ প্রকল্প সফল হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাপেক্স সূত্র জানায়, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খননকাজের উদ্বোধনের পর বুধবার সকাল থেকে পুরোদমে কাজ চলছে। প্রাথমিকভাবে ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৬১ মিটার ও ১ হাজার ৪৫০ মিটার গভীরতায় দুটি সম্ভাব্য গ্যাস স্তর (জোন) চিহ্নিত করা হয়েছে। কূপটি ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে খনন করা হচ্ছে।

প্রকল্পটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, প্রায় ৪৫ দিনের খননকাজ এবং পরবর্তী ১৫ দিনের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) শেষে কূপটিতে গ্যাসের প্রকৃত মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, নোয়াখালীর বেগমগঞ্জ অঞ্চলে ১৯৭৬ সালে প্রথম এবং ১৯৭৮ সালে দ্বিতীয় গ্যাস কূপ খনন করা হলেও সেগুলোতে গ্যাসের সন্ধান মেলেনি। পরে ২০১৩ সালে সুন্দলপুর-৩ কূপে গ্যাস পাওয়া যায় এবং ২০১৮ সালে ওয়ার্কওভারের পর বর্তমানে সেখান থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এ পর্যন্ত নোয়াখালীতে ‘সুন্দলপুর-১’, ‘সুন্দলপুর-২’ ও ‘সুন্দলপুর-৩’ নামে তিনটি গ্যাস কূপ খনন করেছে বাপেক্স। বর্তমানে সুন্দলপুর-২ থেকে নিয়মিত গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। সুন্দলপুর-১ ও সুন্দলপুর-৩-এর উৎপাদন বন্ধ থাকলেও, সুন্দলপুর-৩-এর ওয়ার্কওভার শেষে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।