https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কোটি টাকা যৌতুক দাবি ও স্ত্রীকে মারধরের মামলায় কারাগারে থাকা কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন, ওরফে প্রিন্স মামুনকে এবার আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুলাই গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ফেসবুক লাইভে এসে প্রিন্স মামুন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করেন।
এর আগে, মোহনা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা করেন। ওই মামলায় ২৪ জুলাই তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরদিন ২৫ জুলাই আত্মহত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
বুধবার শুনানির সময় প্রিন্স মামুনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে আতিকিয়া ফাইজাহ মোহনা অভিযোগ করেন, ফেসবুক লাইভে প্রিন্স মামুন আত্মহত্যার চেষ্টা করার পাশাপাশি তাকে ও তার পরিবারকে এ ঘটনার জন্য দায়ী বলে প্রচার করেন। লাইভ দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, প্রিন্স মামুন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশি সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।