দুই পর্বে আসছে আল্লু অর্জুনের রাকা, বাজেট ১ হাজার কোটি রুপি
ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২ বার পঠিত
ছবি: -সংগৃহীত
‘পুষ্পা’ খ্যাত দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘রাকা’ নির্মিত হচ্ছে দুই পর্বে। ‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় তৈরি হওয়া এ ছবির মোট বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রযোজনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির দুটি পর্বে দুটি ভিন্ন সময়কে তুলে ধরা হবে। একটি অংশের প্রেক্ষাপট বৈদিক যুগ, অন্যটি বর্তমান সময়। এই দুই সময়ের গল্পকে একসূত্রে গেঁথে দর্শকদের জন্য ভিন্নধর্মী সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। আধুনিক সময়ের গল্পে তার বিপরীতে থাকবেন মৃণাল ঠাকুর। আর পৌরাণিক সময়ের অংশে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর এবং রাশমিকা মান্দানাকে। এছাড়া ছবিতে বলিউড তারকা শাহরুখ খানের একটি বিশেষ ক্যামিও উপস্থিতির গুঞ্জনও রয়েছে।
গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে একেবারে ভিন্ন রূপে হাজির হন তিনি। ন্যাড়া মাথা, মানুষের মুখাবয়বের সঙ্গে ঘন লোমশ হাত ও লম্বা নখ মিলিয়ে চরিত্রটিকে রহস্যময় ও ভয়ংকর রূপে উপস্থাপন করা হয়েছে।
আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও ভিএফএক্স ব্যবহার করে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। যদিও ‘রাকা’র আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্রের দাবি, সিনেমাটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।