https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে বহুল আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের পরিচালনায় এবং অভিনেত্রী নাজিফা তুষির অভিনয়ে নির্মিত সিরিজটি শিগগিরই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।
জার্মানির মর্যাদাপূর্ণ সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত ও প্রদর্শিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে ‘অ্যানি’। সেই সাফল্যের ধারাবাহিকতায় বুধবার আইস্ক্রিনের প্রধান কার্যালয়ে সিরিজটির দেশীয় মুক্তি উপলক্ষে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী ও তানভীর হোসেনসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা।
দেশের দর্শকদের সামনে সিরিজটি নিয়ে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে ‘অ্যানি’ পৌঁছে দিতে পারা তাঁদের জন্য আনন্দের। তাঁর আশা, গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের কারণে দর্শক সিরিজটি থেকে ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন।
সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্র ‘অ্যানি’তে অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজাহকে।
এর আগে গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ওয়েব সিরিজকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে ‘অ্যানি’।