https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে আলোচনায়। এবার সমুদ্রতীরে স্কার্ফে ধরা দেওয়া নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এই লুক ঘিরে যেমন প্রশংসা মিলেছে, তেমনি এসেছে সমালোচনাও।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমুদ্রপাড়ে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন কারিনা। ছবিগুলোতে লাল বিকিনি টপের সঙ্গে ডোরাকাটা হালকা নীল শার্ট এবং মাথায় নীল প্রিন্টেড স্কার্ফ পরে দেখা যায় তাকে। নো-মেকআপ লুক, সূক্ষ্ম লকেট এবং স্বাভাবিক স্টাইলে তোলা ছবিগুলো দ্রুতই নজর কাড়ে ভক্তদের।
ছবির ক্যাপশনে স্কার্ফটির প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন কারিনা। তিনি লেখেন, “যেমনটা দেখতে পাচ্ছেন, এই স্কার্ফটি আমার ভীষণ পছন্দ হয়েছে।”
ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই কারিনার ফ্যাশন সেন্স ও স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, “বয়স যেন আপনার কাছে শুধুই একটি সংখ্যা।” আবার অনেকেই তাঁর নতুন স্টাইলকে অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেছেন।
তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হয়েছে। কিছু নেটিজেন তাঁর নতুন লুক নিয়ে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করেছেন, যার মধ্যে ‘দাদি’ বলেও মন্তব্য করতে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে কারিনা কাপুর বরাবরই আলোচনায় থাকেন। নতুন এই স্কার্ফ লুকও তার ব্যতিক্রম হয়নি।