https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক করণ জোহর জানিয়েছেন, জীবনের গুরুত্বপূর্ণ এক মোড়ে আদিত্য চোপড়া ও শাহরুখ খানের অটুট বিশ্বাসই তাকে চলচ্চিত্র নির্মাতা হওয়ার পথে এগিয়ে দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক আবেগঘন বার্তায় ক্যারিয়ারের শুরুর সেই স্মৃতি তুলে ধরেন তিনি।
করণ জানান, একসময় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া তাকে কিংবদন্তি চলচ্চিত্র ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করার প্রস্তাব দেন।
সেই সময়ের কথা স্মরণ করে করণ লেখেন, আদিত্য তাকে বলেছিলেন, ‘আমি যদি এই পথ না বেছে নিই, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করব।’ এই একটি কথাই বদলে দেয় তার ভবিষ্যতের ভাবনা। পুরো রাত না ঘুমিয়ে পরদিন বাবার কাছে গিয়ে তিনি এক বছর সময় চেয়েছিলেন চলচ্চিত্রে নিজের স্বপ্নকে অনুসরণ করার জন্য।
শাহরুখ খানের সঙ্গে জড়িয়ে থাকা আরেকটি স্মৃতিও ভাগ করে নেন করণ। তিনি জানান, সুইজারল্যান্ডে শুটিং চলাকালে এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শাহরুখ তার কাঁধে হাত রেখে বলেছিলেন, ‘তুই পরিচালকই হবি। আর তোর প্রথম ছবিতে আমি কাজ করব।’
প্রথমে বিষয়টি মজা মনে হলেও পরে শাহরুখ নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন। ভারতে ফিরে তিনি করণের বাবা, প্রযোজক যশ জোহরের সঙ্গে কথা বলেন এবং করণের প্রথম সিনেমায় অভিনয়ে সম্মতি দেন। সেই প্রতিশ্রুতির ফলই ছিল বলিউডের ইতিহাস গড়া চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হে’।
করণ জোহর আদিত্য চোপড়া ও শাহরুখ খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, আজ তিনি যেখানেই দাঁড়িয়ে আছেন, তার পেছনে এই দুই মানুষের বিশ্বাস ও অনুপ্রেরণাই সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, গল্প বলার যে সুযোগ তিনি পেয়েছেন, তার কৃতিত্বও তাঁদেরই। পাশাপাশি নিঃস্বার্থভাবে অন্যের জীবনে পথ দেখানো সব গুরুকে শ্রদ্ধা জানান এই নির্মাতা।