https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে গত ২৮ জুলাই বাজুস ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল। তবে মাত্র তিন দিনের ব্যবধানে একই পরিমাণ বাড়িয়ে আবার নতুন মূল্য নির্ধারণ করা হলো।
এদিকে রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।