https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের কাছে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন আশ্রিত রোহিঙ্গারা।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গোরের গাড়িবহরের সামনে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান নেন রোহিঙ্গারা। তারা মিয়ানমারে পূর্ণ নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানান।
রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, বছরের পর বছর ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে। শরণার্থী হিসেবে নয়, মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে চান তারা।
রোহিঙ্গা অধিকারকর্মীরা বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন দায়ীদের জবাবদিহি নিশ্চিত করে প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার ও আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও নিশ্চিত করার দাবি জানান তিনি।
এর আগে শুক্রবার দুপুরে ১১ সদস্যের মার্কিন প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছে উখিয়ার ৪, ৬ ও ৮-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যক্রম পরিদর্শন করে। সফরের অংশ হিসেবে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
তিন দিনের সরকারি সফরে থাকা সার্জিও গোর শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ সফর শেষ করবেন।