দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৪ জন রয়েছেন। এ সময়ে দেশের অন্য বিভাগগুলোতে নতুন কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৩১০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।