দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১ হাজার ৩২ জন সন্দেহভাজন এবং ১২৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩০ হাজার ৮৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ২৯৫ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে সন্দেহভাজন হাম নিয়ে ১ লাখ ১২ হাজার ৬৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৮ হাজার ২৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত হাম সন্দেহে মোট ৭৪৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।