https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দীর্ঘ ছয় মাসের সামরিক অভিযান চালিয়েও ইরানের বিরুদ্ধে ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র কৌশলগত চাপে পড়েছে বলে বিশ্লেষণ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির মতে, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ওয়াশিংটন ইরানের নীতি বা আঞ্চলিক অবস্থানে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারেনি। ফলে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও দেশটির কৌশলগত সক্ষমতা ও নেতৃত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক ও আঞ্চলিক বিশেষজ্ঞদের উদ্ধৃত করে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়ছে। এতে রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্লেষণে আরও বলা হয়, সামরিক চাপ সত্ত্বেও ইরান এখনো আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং হরমুজ প্রণালির ওপর তার প্রভাব বজায় রয়েছে। ভবিষ্যতের যেকোনো কূটনৈতিক আলোচনায় এই প্রণালিকে তেহরান একটি গুরুত্বপূর্ণ দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। একই সঙ্গে দেশটির বর্তমান সরকার আগের তুলনায় আরও কঠোর অবস্থানে রয়েছে। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যেও কৌশলগত মতপার্থক্য বেড়েছে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য উভয় পক্ষের মধ্যে দোষারোপের প্রবণতা দেখা যাচ্ছে।