https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
একসময় দর্শকপ্রিয়তার নতুন রেকর্ড গড়া ‘বড় ছেলে’ নাটকের স্মৃতি এখনও অমলিন। প্রায় এক দশক পর এবার ভিন্ন গল্প ও নির্মাণে দর্শকদের সামনে আসছে নতুন নাটক ‘ছোট ছেলে’।
নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব এবং চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী বৃহস্পতিবার নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ‘সান ড্রামা’-তে নাটকটি মুক্তি পাবে।
‘ছোট ছেলে’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ, আবেগ ও প্রজন্মগত টানাপোড়েনকে ঘিরে নির্মিত নাটকটি নিয়ে আরশ খান বলেন, এটি এমন একটি গল্প, যেখানে অনেক দর্শক নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন। অন্যদিকে সুনেরাহ জানান, গল্প ও চরিত্রের গভীরতাই তাকে কাজটি করতে অনুপ্রাণিত করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে তিনি আনন্দিত।
সান মাল্টিমিডিয়া জানিয়েছে, দেশীয় সংস্কৃতি ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সেই পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব কনটেন্টসহ বিভিন্ন ডিজিটাল আয়োজন প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।