https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অভিনয়ের পর এবার গানে নতুন চমক নিয়ে আসছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ প্রথমবারের মতো সৃজিতের সুরে কণ্ঠ দিচ্ছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমায় গান গেয়েছিলেন অনির্বাণ। তবে এবারই প্রথম সৃজিত মুখার্জির সুরে গান গাইছেন এই অভিনেতা। যদিও তিনি কোন গান গাইছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
সম্প্রতি সিনেমাটি নিয়ে একের পর এক নতুন তথ্য প্রকাশ করছেন নির্মাতারা। এর আগে অভিনেত্রী ইধিকা পালের ক্রিকেটার লুক প্রকাশ করা হয়। সেই দৃশ্যে তাকে নেট প্র্যাকটিসে প্রশিক্ষণ দিতেও দেখা গেছে সৃজিতকে।
লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’ এবং তার ‘কালাপানির দিশা’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে গোয়েন্দা কানাইচরণের ভূমিকায় অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস।
‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’ ও ‘দশম অবতার’-এর মতো আলোচিত থ্রিলার নির্মাণের পর নতুন এই সিনেমার মাধ্যমে আবারও গোয়েন্দা ঘরানায় ফিরছেন সৃজিত মুখার্জি।