https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ৯ আগস্ট চট্টগ্রাম ও কক্সবাজার সফরকালে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন সমাবেশে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ঘরের চাবি হস্তান্তর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন।
জেলা প্রশাসন জানিয়েছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বন্যায় গৃহহীন এবং নতুন ঘর নির্মাণের সামর্থ্য নেই—এমন ১০০টি পরিবারকে নির্বাচন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে তাদের জন্য দুর্যোগ-সহনীয় ঘর নির্মাণ করা হচ্ছে।
প্রতিটি ঘরে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে দুটি কক্ষ থাকবে। পাশাপাশি পাঁচ ফুট বাই পাঁচ ফুট আকারের একটি সংযুক্ত শৌচাগারও নির্মাণ করা হয়েছে।
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, বন্যায় যাদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং নিজেরা নতুন ঘর নির্মাণের সামর্থ্য নেই, তাদেরই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ঘরগুলোর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়েই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন অনুষ্ঠানস্থল এবং নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তাব্যবস্থা, অতিথিদের বসার স্থান এবং সার্বিক আয়োজনের অগ্রগতি পর্যালোচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও নির্মাণশ্রমিকদের কাজের মান নিশ্চিত করার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে মানসম্মত উপকরণ দিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।