https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। একদিনের এই সফরে তিনি কক্সবাজারের মহেশখালী, চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শেষাংশে চট্টগ্রাম নগরীতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকালে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে ত্রাণ বিতরণ এবং ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন।
দুপুরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যাকবলিত ৩০টি পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং ১৫ জন প্রতিবন্ধীর হাতে অনুদান তুলে দেবেন।
সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রামে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় নেতারা বলছেন, তৃণমূলের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগ দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করবে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।