https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ভারত সরকার জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে করা মন্তব্যকে নয়াদিল্লি সমর্থন করে না বলে স্পষ্ট করেছে দেশটি।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন একটি বেসরকারি গণমাধ্যমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।
তিনি বলেন, ওই প্রেস ব্রিফিংয়ে বলা কোনো বক্তব্যকেই ভারত সরকার সমর্থন করে না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকার সম্পর্কে করা মন্তব্যের প্রশ্নই আসে না।
গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের আপত্তি সত্ত্বেও শেখ হাসিনা ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ ঘটনায় ঢাকা আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করেছিল।
ব্রিফিংয়ে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। বাংলাদেশে সন্ত্রাসবাদের বিস্তার নিয়ে তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ভারত তার প্রতিবেশী দেশের পরিস্থিতি, বিশেষ করে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।