https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
গাজার পুনর্গঠন তদারকির জন্য গঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ প্রথমবারের মতো একটি নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। তবে পুনর্গঠনের প্রথম স্থাপনা হিসেবে সেখানে তৈরি করা হবে একটি সামরিক ঘাঁটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, গাজার দক্ষিণাঞ্চলে মরক্কোর সেনাদের জন্য ১৫০ সদস্যের ধারণক্ষমতাসম্পন্ন একটি অস্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির কাজ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা-ভিত্তিক প্রতিষ্ঠান আর্কেল ইন্টারন্যাশনালকে দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠানটি এর আগে ইরাকে মার্কিন সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করেছে।
ঘাঁটিটি আন্তর্জাতিক মোতায়েন বাহিনী (আইএসএফ)-কে সহায়তার জন্য নির্মাণ করা হবে। এর আওতায় সামরিক যান রাখার ব্যবস্থা, প্রতিরক্ষামূলক বাঁধ এবং সেনাদের অস্থায়ী অবস্থানের প্রয়োজনীয় সুবিধা থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ঘাঁটির আয়তন হবে ১০০ মিটার বাই ১২০ মিটার। এটি গাজার সেই এলাকায় নির্মাণ করা হবে, যা বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘাঁটিটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত হবে।
‘বোর্ড অব পিস’-এর কর্মকর্তারা জানিয়েছেন, গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ও শাসনব্যবস্থা বাস্তবায়নে আরও কয়েকটি প্রকল্পের প্রস্তুতি চলছে। তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।
জাতিসংঘের প্রস্তাবের আওতায় গাজার জন্য গঠনের পরিকল্পনা করা আইএসএফে বিভিন্ন দেশের সেনা অংশগ্রহণের কথা রয়েছে। মরক্কো এরই মধ্যে একটি ছোট সেনাদল পাঠানোর আগ্রহ জানিয়েছে। তবে বাহিনীর আইনি কাঠামো ও মোতায়েনের সময় এখনো নির্ধারিত হয়নি।