https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের পাওয়ার হাউস রোডের একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আনিসুর নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। পরিবারের সঙ্গে তিনি ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন এবং কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তেন।
পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় পরিবারটি শহরে বাসা ভাড়া নিয়ে থাকছিল।
শুক্রবার রাতে সিঁড়ির পাশে আনিসুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরিবারের অভিযোগ, এ ঘটনার সঙ্গে আনিসুরের চাচাতো ভাইদের সম্পৃক্ততা থাকতে পারে।
তবে পুলিশ বলছে, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা এখনো নিশ্চিত নয়। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।