https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নোয়াখালীর বেগমগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও তৈরির অভিযোগে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলে ও আরও এক ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন জেলা থেকে চাকরির প্রলোভনে এনে আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া এক তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, চাবুক, ছুরি, কাঁচি ও ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, পার্লারে চাকরির কথা বলে এক তরুণীকে চৌমুহনীতে এনে একটি বাসায় আটকে রাখা হয়। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক যৌন কার্যক্রমের ভিডিও ধারণ এবং তা অনলাইনে প্রচারের মাধ্যমে অর্থ উপার্জন করা হতো বলে অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ করলে নির্যাতনেরও অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সালাউদ্দিন, তার স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন এবং আবদুর রহিম। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।
বেগমগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, প্রাথমিকভাবে চক্রটির বিরুদ্ধে চাকরির প্রলোভনে তরুণীদের এনে আটকে রেখে পর্নোগ্রাফি ভিডিও তৈরির অভিযোগ পাওয়া গেছে। উদ্ধার হওয়া এক তরুণীর করা মামলায় গ্রেফতার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।