https://timenewsbangla.com

দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার অস্বীকার করছে না যে দেশের মানুষ বর্তমানে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে অতীতে নেওয়া কিছু অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত এখন দেশ ও জনগণকে দিতে হচ্ছে।
তিনি বলেন, ভঙ্গুর একটি পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। নানা সংকট কাটিয়ে দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগী একটি চক্র এখনো সক্রিয়। তারা দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ খাত নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের জ্বালানি পরিস্থিতি উন্নয়নে কাজ করছে এবং সংকট মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতারা বক্তব্য দেন।
দেশের বিভিন্ন এলাকা থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা এই সমাবেশে অংশ নেন।