https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচক নিম্নমুখী ছিল। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতনের প্রভাব দেখা গেছে।
দিনের শুরু থেকেই ডিএসইতে বিক্রির চাপ ছিল। লেনদেনের শেষ দিকে দরপতন আরও বাড়ায় বড় সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে দিনের লেনদেন শেষ হয়।
ডিএসইতে সব খাত মিলিয়ে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৮৬টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন কোনো মিউচুয়াল ফান্ডের দাম বাড়েনি। ৩২টি ফান্ডের দাম কমেছে এবং ২টির দাম অপরিবর্তিত ছিল।
দরপতের কারণে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮২২ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক কমেছে ১৪ পয়েন্ট, অবস্থান করছে ২ হাজার ১৭৭ পয়েন্টে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ পয়েন্টে।
সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। রোববার ডিএসইতে মোট ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ১৮৩ কোটি ১৫ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, যেখানে ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো এবং তৃতীয় স্থানে নিটল ইন্স্যুরেন্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমেছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দাম বেড়েছে, ১৩২টির কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৩৫ লাখ টাকা।