https://timenewsbangla.com

ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সরকারি নিয়োগ পরীক্ষার সংস্কার ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। সোমবার বিধানসভা অভিমুখে মিছিলের সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে টিয়ার শেল, জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
গত এপ্রিলে অনুষ্ঠিত ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রাথমিক সিভিল সার্ভিস পরীক্ষার ফল জুলাইয়ে প্রকাশের পর প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল কারচুপির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ২৫ জুলাই থেকে রাঁচির একটি স্টেডিয়ামে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন পরীক্ষার্থীরা।
বিক্ষোভের মুখে সরকার বিতর্কিত পরীক্ষাসহ তিনটি পরীক্ষা বাতিল করে। পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ তদন্ত শুরু করে এবং সাবেক কমিশন চেয়ারম্যান এল খিয়াংতেসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরীক্ষা পরিচালনাকারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকাও তদন্ত করা হচ্ছে।
তবে শিক্ষার্থীদের প্রধান দাবি, কেন্দ্রীয় তদন্ত সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে আন্দোলনে রাজনৈতিক সমর্থনও জোরালো হয়েছে। বিরোধী বিজেপি ও ক্ষমতাসীন জোটের শরিক কংগ্রেস শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন অভিযোগ করেছেন, স্বার্থান্বেষী মহল রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার চেষ্টা করছে। তিনি আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।