ঢাকা
১২ আগস্ট ২০২৬

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির সদস্যপদ বাতিল : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির সদস্যপদ বাতিল : চিফ হুইপ

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো সংশোধন হয়নি। ফলে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার সংসদ সদস্যপদ বাতিল হবে।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা নিজ নিজ আসন ও নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে ৩৪৯টি ভোট পড়লে নির্ধারিত সময়ের আগেই গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে।

নূরুল ইসলাম আরও জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণ শেষে গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্তও সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চায় না বিরোধী দল। গণতন্ত্র ও অংশগ্রহণমূলক রাজনীতির স্বার্থে তারা প্রার্থী দিয়েছে। তার দাবি, ‘জুলাই সনদ’ অনুযায়ী ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি গ্রহণযোগ্য হতেন।

তবে নূরুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিদ্যমান ৭০ অনুচ্ছেদই প্রযোজ্য হবে। সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031