https://timenewsbangla.com

কঠোর নিরাপত্তার মধ্যে শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়।
তিন দিন আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। পাকিস্তান সরকার ওই নির্দেশ পরিবর্তনের চেষ্টা করলেও আদালত তাতে সম্মতি দেয়নি।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছে। তবে হাসপাতালে নেওয়ার পর পাকিস্তান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এর আগে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছিলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করবে।
৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন তার আইনজীবী ও পরিবারের সদস্যরা। আগস্টের শুরুতে করা এক স্বাস্থ্য পরীক্ষায় তার উচ্চরক্তচাপ এবং রক্তচাপের ওঠানামার বিষয়টি ধরা পড়ে। পাশাপাশি অস্থিরতা ও আতঙ্কের সমস্যার কথাও জানানো হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন কারাগারে একাকী অবস্থানের কারণে এসব সমস্যা তৈরি হয়েছে। গত বছর থেকেই তার চোখের সমস্যার কথাও জানিয়ে আসছেন পরিবারের সদস্যরা।
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার আগে শিফা আন্তর্জাতিক হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, সেখানে কয়েকশ পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
২০২২ সালের আগস্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবিও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।