কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
ফরিদা ইয়াসমিন বলেন, প্রত্যেক সংসদ সদস্যের মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ। জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত।
তিনি অভিযোগ করেন, মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর মন্তব্য করেছেন। এ ধরনের বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফরিদা ইয়াসমিন বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করা প্রয়োজন। তাকে ও তার দলের নেতৃত্বকে অপমান করার ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি। দলের অনুমতি পেলে এ ঘটনায় মানহানি মামলা করা হবে বলেও জানান।
এদিকে, ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশন ও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তারা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি দৌলতপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে দেওয়া আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। ওই বক্তব্যে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সাংবিধানিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের এমপিরা সরাসরি ভোট পাননি এবং তাদের সাংবিধানিক গুরুত্ব নেই।
আমির হামজা আরও দাবি করেন, তিনি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছেন, বিপরীতে ফরিদা ইয়াসমিন সরাসরি কোনো ভোট পাননি। এ ছাড়া তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আমির হামজার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য করুন