মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে হানিফ পরিবহনের বাস ধাক্কা দেওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী পালকী পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে এর চাকা বিকল হয়ে যায়। পরে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অন্তত ১৫ জনকে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, এক্সপ্রেসওয়ের পাশে পার্কিং করে রাখা বিকল বাসটিকে হানিফ পরিবহনের বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। উদ্ধার কার্যক্রমে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করেছে।