মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ৫৩৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে ৭৩৯টি মামলায় ১৮ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, নিষেধাজ্ঞার ২২ দিনে ছয় জেলায় মোট ২ হাজার ৬৭৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৮০০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। জব্দ করা বিভিন্ন সামগ্রীর নিলাম থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে ৩ লাখ ৩২ হাজার ৩০০ টাকা।

অভিযানে জব্দ করা হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৯০০ মিটার জাল। পাশাপাশি জব্দ করা হয়েছে ১০ হাজার ৩৭ কেজি ইলিশ।

এ ছাড়া নিষেধাজ্ঞা কার্যকরে বিভিন্ন অবতরণ কেন্দ্রে ৬২৩ বার, মাছঘাটে ৩ হাজার ২১৩ বার, আড়তে ৬ হাজার ৫০৫ বার এবং বাজারে ৪ হাজার ৩৫৩ বার পরিদর্শন করা হয়েছে।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।