মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি শান্টিং করার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আখাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বুধবার ভোররাতে ট্রেনটি শান্টিং করার সময় বগির ভেতরে আগুন দেখতে পান গেটকিপার স্বাধীন আহমেদ। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বগিটির কয়েকটি আসন পুড়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য বগি নিয়ে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে, আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে।
ঘটনাটি ঘিরে রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন