গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান জানান, রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা দোগাছি ইউনিয়ন শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাইগ্লাস ভাঙচুর করে এবং যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় অফিসের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয়রা ছুটে আসেন। পরে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আসাদুজ্জামান বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শাখাটির নৈশপ্রহরী আব্দুল ওহাব বলেন, হঠাৎ ভাঙচুরের শব্দ শুনে বাইরে বের হয়ে তিনি দেখতে পান, হেলমেট ও মুখ বাঁধা ১০-১৫ জনের একটি দল স্লোগান দিয়ে অফিসের জানালা ভাঙচুর করছে। একপর্যায়ে জানালা দিয়ে দুই থেকে তিনটি পেট্রোলবোমা ভেতরে নিক্ষেপ করে তারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রাত প্রায় ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশের আরেকটি দল গিয়ে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন